ঠিকাদারকে ছাড়াতে রাতভর থানায় মেয়র আইভী
নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে সিটি করপোরেশনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা এক ঠিকাদারকে গ্রেপ্তারের ‘প্রতিবাদ জানাতে’ সারা রাত থানায় কাটালেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
শহরের শায়েস্তাখান সড়কে রত্ম এন্টারপ্রাইজের প্রকল্প অফিস থেকে ঠিকাদার জাকির হোসেনকে বুধবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘণ্টাখানেক পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যান আইভী। সারা রাত সেখানে অবস্থান করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন তিনি।
মিথ্যা মামলায় জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে মেয়র আইভী বলেন, ঢাকার হাতির ঝিলের আদলে নারায়ণগঞ্জ শহরের জিমখানা দেওভোগে লেক ও বিনোদন পার্ক নির্মাণের যে প্রকল্প বাস্তবায়ন চলছে তা বন্ধ করতে ‘একটি প্রভাবশালী মহলের’ ইন্ধনে তাকে ধরা হয়েছে।
তবে পুলিশ বলছে, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মারধরের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন জাকির।
রেলওয়ের কানুনগো ইকবাল মাহমুদ বুধবার ওই মামলা দায়ের করেন বলে সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান।
মামলায় বলা হয়, জাকির ও সিটি কর্পোরেশনের আরেক ঠিকাদার আবু সুফিয়ানসহ অজ্ঞাত ৭/৮ জন গত ২৭ মার্চ সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রেলওয়ের কর্মকর্তাদের খুনের উদ্দেশ্যে মারধর ও জখম করে।
তবে মেয়র আইভী বলছেন, “প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি রেল সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। তিনিও আমাকে বলেছেন, এ ধরনের কোনো মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না।”
রেলওয়ের জমিতে যে প্রকল্প বাস্তবায়ন নিয়ে এই বিরোধ সেই প্রকল্পের কার্যাদেশ সিটি কর্পোরেশন দিয়েছে জানিয়ে মেয়র বলেন, “সিটি কর্পোরেশনের নির্দেশেই ঠিকাদার মেমার্স রত্ম এন্টারপ্রাইজ জিমখানা দেওভোগ জলাধার সংরক্ষণ কাজ করছে।
“কারো কোনো অভিযোগ থাকলে তো সবার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে। কারণ সিটি কর্পোরেশনের কার্যাদেশ পাওয়ার পরেই তো ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।”
চুক্তি অনুযায়ী জিমখানা লেকের চারপাশে হাঁটা পথ, তিনটি ঘাট, দুটি বসার প্যাভিলিয়ন, দুটি ডেক, একটি পদচারী সেতু, শিশুপার্ক ও পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
আগামী অগাস্টের মধ্যে এ নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে।
প্রকল্পের জন্য রেলওয়ের কাছ অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মেয়র আইভী বলেন, “জলাশয় সংরক্ষণ আইনে আমি জলাশয় সংরক্ষণ করছি। ২০০০ সালের জলাশয় সংরক্ষণ আইনে এবং ২০১০ সালে ডিটেইল এরিয়া প্ল্যানেও এই পুকুরটি সংরক্ষণের জন্য পৌরসভার নাম লেখা রয়েছে। এ বিষয়ে গেজেটও রয়েছে।
“আমরা জলাশয়টি সংরক্ষণ করতে চাচ্ছি। সে অনুযায়ী ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ের কাছে বহুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি।”
রাতভর থানায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, “ঠিকাদার হিসেবে নয়, একজন নিরীহ মানুষের জন্য থানায় গিয়েছি। কারণ এই কার্যাদেশ আমি অনুমোদন দিয়েছি। মামলা করতে হলে আমার বিরুদ্ধে করতে হবে এবং গ্রেপ্তার করতে হলে আমাকে করতে হবে।”
