ভোটারদের বিক্ষোভ: জামালপুরে এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহের একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে সাধারণ ভোটারদের বিক্ষোভের পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের মামাভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান।
তিনি বলেন, প্রিজাইডিং অফিসারের সহায়তায় ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগ করে বিক্ষোভ শুরু করে সাধারণ ভোটাররা।
“পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।”
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল বাশার বলেন, “অনিয়মের অভিযোগ ও ভোটারদের বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।”
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি।
