২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জের নয় ইউপিতে আ. লীগের ১৪ বিদ্রোহী

জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১৪ জন।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

আগামী ৩১মার্চ দ্বিতীয় দফায় এ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, “বিদ্রোহী প্রার্থীদের কারণে নৌকার ভোট ভাগাভাগি হবার আশঙ্কা রয়েছে। ভাগাভাগি হলে দল ক্ষতিগ্রস্ত হবে।

“এছাড়া বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নিয়ে নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন।”

জামায়াত অধ্যুষিত সুন্দরগঞ্জে ২০১৩ সালের দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণা ও ৫ জানুয়ারির নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী আসামি রয়েছেন।  

এছাড়া আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হওয়ায় স্বস্তিতে আছেন জাতীয় পার্টি এবং বিএনপির প্রার্থীরা।

বামনডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক বলেন, “আমি জাতীয় পার্টির ভোট তো পাব। উপরন্তু আওয়ামী লীগের একাধিক প্রার্থীর কারণে ভোট ভাগাভাগি আমার জন্য প্লাস পয়েন্ট।”

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শমেস উদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও সাবেক সভাপতি মজনু মিয়া।

সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন সৈয়দ বদিরুল আহসান। এখানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয় নারায়ন সরকার স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিদ্রোহী প্রার্থী উদয় নারায়ন সরকার বলেন, “একই দলের একাধিক প্রার্থীর কারণে ভোট ভাগাভাগি হবে কিনা জানি না। তবে ইউপি নির্বাচন হয় আঞ্চলিকতার টানে।”

বেলকা ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে লড়ছেন মজিবর রহমান। এখানে জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল আলম দলের প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন।

দহবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম কবির। স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহজাহান মন্ডল।

রামজীবন ইউনিয়নে সুনীল কুমার বর্মণকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হুদা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ধোপাডাঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমান আওয়ামী লীগের প্রার্থী। এখানে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রওশন আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

হাবিবুর রহমান বলেন, “বিদ্রোহী কিনা জানি না। তবে সারা জীবন দলের জন্য কাজ করলাম। দল আমাকে মূল্যায়ন করেনি। কিন্তু আমার জনপ্রিয়তা আছে। তাই প্রার্থী হয়েছি।”

কঞ্চিবাড়ি ইউনিয়নে দলীয় মনোনয়ন পান শফিউল ইসলাম। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম ও দুর্লভ চন্দ্র।

শ্রীপুর ইউনিয়নে শহিদুল ইসলাম দলের প্রতীকে লড়ছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জ্যোতিভূষণ বর্মন।

চন্ডিপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ। এখানে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইদুল ইসলাম ও রাজা প্রামাণিক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ বলেন, “আমি নিজেও একজন প্রার্থী। কিন্তু গত পাঁচ বছরে এলাকার অনেক উন্নয়ন করেছি। বিদ্রোহী প্রার্থী আমার কোনো ক্ষতি করতে পারবে না।

“তবে বিদ্রোহীদের কারণে অন্য ইউনিয়নে দলীয় প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন। ওইসব বিদ্রোহীদের বসানোর চেষ্টা করেও কোনো কাজ হয়নি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।”