শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ হিরামনি সাঁওতালকে
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বীরাঙ্গনা চা শ্রমিক হিরামনি সাঁওতালকে স্মরণ করেছেন হবিগঞ্জের মানুষ।
হবিগঞ্জ শহরের দুর্জয় স্মৃতি সৌধে রোববার তার স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গত ৩ মার্চ ভোরবেলা ঘুমন্ত অবস্থায় ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়। এদিন দুপুরেই চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
চেতনায়-৭১ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজ বখত চৌধুরী।
সাধারণ সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খায়রুল ইসলাম খোকন, বীরাঙ্গনা সাবিত্রী নায়েক, ফারিজা বেগম, স্বপন সাঁওতাল ও কাঞ্চন পাত্র।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, চা শ্রমিকরা শুধু ঘাম ঝরানো পরিশ্রমে দেশের অর্থনীতিকেই চাঙ্গা করে না। তারা হৃদয় দিয়ে দেশকে ভালবাসে।
“হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে শ্রমিকরা তিরন্দাজ বাহিনী গড়ে তুলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।
“হিরামনি সাঁওতাল আর সাবিত্রী নায়েকের মতো বীরাঙ্গনাদের আমরা কোনোদিন ভুলব না।”
তিনি আরও বলেন, চেতনায় ৭১ বীরাঙ্গনাদেরকে খুঁজে বের করছে। অনুদঘাটিত বিষয়গুলো বের করে আনছে। পাশাপাশি বীর মুক্তিযুদ্ধাদের সমাধি সংরক্ষণেরও কাজ করছে।
হিরামনি সাঁওতালের সমাধিও সংরক্ষণ করা হবে বলেও প্রতিশ্রুত দেন তিনি।
সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।
