তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় মোমবাতি মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মোমবাতি জ্বেলে মিছিল করেছে ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলিত করে কান্দিরপাড়ের পুবালি চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে বিকেল ৫টায় পুবালি চত্বরে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
এদিকে সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসানুজাম্মান কল্লোলের সভাপতিত্বে তনু হত্যা মামলা নিয়ে কুমিল্লার ডিজিএফআইএর প্রধান, বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেছুর রহমান, র্যাব-১১-এর অধিনায়ক, এসএসাই-এর পরিচালক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এক রুদ্ধদ্বার বৈঠক হয়।
বৈঠক শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তনু হত্যা মামলাটি নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।
এছাড়া সেনাবাহিনীর বিষটি নিয়ে আইএসপিআর বক্তব্য দেবে বলে জেলা প্রশাসক জানান। তবে কবে বা কখন বক্তব্য দেবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
