সিরাজগঞ্জে আ. লীগ বিদ্রোহীর সভায় হামলা
সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নে একটি বাড়িতে নির্বাচনী প্রচারের সভায় প্রতিপক্ষের হামলা হয়েছে।
ওই সময় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
শুক্রবার বিকালে ইউনিয়নের বাগডুমুর এলাকায় মাসুদ মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী তালুকদারের।
এ ইউনিয়নে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।
বহুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী তালুকদার অভিযোগ করেন, মাসুদ মাষ্টারের বাড়িতে স্থানীয় শিক্ষক, মাতব্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিটিং করার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম ও পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি গ্রুপ মোটরসাইকেল নিয়ে গিয়ে হামলা চালায়।
“ওই সময় তারা আমাকেসহ ভাতিজা হীরা, সমর্থক রানা ও ইমরানকে মারপিট করে এবং চেয়ারসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। তারা আমার ব্যবহৃত মোবাইলও ছিনিয়ে নেয়।
“নির্বাচন থেকে সরে না দাঁড়ালে পরবর্তীতে আমার গ্রামের ও শহরের বাড়িতেও হামলা চালানোর হুমকিও দেয় তারা।”
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল বলেন, দলের সিদ্বান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভার সিদ্বান্তে জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
তিনি জানান, শুক্রবার দুপুরে বহুলী এলাকায় বহিষ্কারের বিষয়টি মাইকযোগে প্রচারের সময় তার সমর্থকরা মাইক ভাংচুর করে এবং ২০/২৫টি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বারী তালুকদারের নেতৃত্ব রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে জেলা নেতাদের নামে গালমন্দ করা হয়।
“সে সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মারপিট ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে।”
পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদ বলেন, কোনো হামলা বা মারপিটের ঘটনা ঘটেনি। বরং বারী তালুকদারের লোকজন মাইক ভাংচুর এবং দলের প্রার্থী হায়দার আলীর পোস্টার ছিঁড়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি দলের অভ্যন্তরীণ। বিষয়টি স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত মুন্না ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অবগত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
