দোহারে নির্বাচনোত্তর সহিংসতায় মামলা
ঢাকার দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ইউপি সদস্যের ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে।
নিহতের ভাতিজা শাকিব মাতবর বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে দোহার থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২১ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে বলে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান।
তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিলাসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বচর এলাকায় জালাল মাতবর হামলায় নিহত হন।
“তিনি ছিলেন ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী আলাল মাতবরের ভাই।”
এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, র্যাব ও পুলিশের টহলসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে; তদন্ত চলছে।
তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
যেকোনো সময় আবার সংঘর্ষ হতে পারে এ আশঙ্কায় এলাকায় পর্যাপ্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
