২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

ঢাকার দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 01:14 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

নিহত মো. জালাল মাতবর মাঝিরচরের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বিলাসপুর ৪ নম্বর ওয়ার্ডের মাঝিরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য আবুল হোসেনের লোকজন পরাজিত সদস্য প্রার্থী আলাল মাতবরের বাড়ির সামনে দিয়ে বাদ্যবাজনা সহকারে বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন।

“এ সময় মিছিল থেকে কিছু বখাটে আলাল মাতবরের বাড়িতে টেটা, রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালালে আলালের ভাই জালাল টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয় বলে ওসি জানান।

আহতরা হলেন ওই গ্রামের লতিফ ব্যাপারি (৬৫), দেলোয়ার হোসেন (৪০), মো. কুব্বাত (৪০), আমেনা বেগম (৪০), মো. বিল্লাল হোসেন (৩৫), মো. সোহান (২৮), মো. শাহিন (২৬), আতিয়ার রহমান (২৬), শাকিব (২৩), আল-আমিন (১২), মিনারা বেগম (২২) ও মো. কুদ্দুস মাতব্বরসহ আও ৩ জন।

আহতদের মধ্যে মো. বিল্লাল হোসেন ও নিহতের ভাতিজা মিজান ও শাকিবকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, “ঘটনার পর দোহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়।”

তবে ওসি আটককৃতদের নাম জানাননি।

বিলাসপুরে বিগত জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সহিংসতায় তিনজন খুন হয়।

জালাল হত্যার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবার সংঘর্ষ হতে পারে এ আশঙ্কায় এলাকায় পর্যাপ্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।