রাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ প্যানেল।
নবনির্বাচিত সভাপতি হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।
সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে একটি সদস্যপদ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জয়ী হয়েছেন তারা।
এদিকে ৯টি অনুষদের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত সর্মথিত সাদা দল ৫টি এবং আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ দল পেয়েছে ৪টি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির কার্যকরী সংসদ ও বিভিন্ন অথরিটিতে ২১টি পদে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হক।
এছাড়া সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ পদে পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক দীলিপ কুমার মণ্ডল, যুগ্ম সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।
১০টি সদস্য পদে হলুদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন অধ্যাপক এমাজ উদ্দিন, সাদিকুল ইসলাম, মানিকুল ইসলাম, এস এম জাহিদ হোসেন, সুমনা সরকার, একরামুল ইসলাম, মুনিরুজ্জামান, জুলফিকার আলী ও আহসান হাবিব।
বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা প্যানেল থেকে একমাত্র বিজয়ী সদস্য হলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।
ডিন নির্বাচনে হলুদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন আইন অনুষদে আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে আখতার ফারুক, বিজনেস স্টাডিজ অনুষদে শিবলী সাদিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে ফয়জার রহমান।
অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা কলা, কৃষি, জীব ও ভূবিজ্ঞান, চারুকলা ও প্রকৌশল অনুষদে জয়ী হয়েছেন।
এদিকে ৫টি সিন্ডিকেট সদস্য পদের মধ্যে হলুদ প্যানেল থেকে বিজয়ী ৪ জন হলেন অধ্যাপক তাজুল ইসলাম, নাসিম রেজা, মাহবুব কাওসার ও মামুন আ. কাইয়ুম। সাদা প্যানেল থেকে একমাত্র বিজয়ী হলেন অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান।
এছাড়া শিক্ষা পরিষদ সদস্য পদে আওয়ামীপন্থি প্যানেলের ৬ জন এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে বিএনপি-জামায়াতপন্থি ১ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিএনপির আরেকটি গ্রুপ সোনালি প্যানেল এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি।
