টেকনাফে নিহত ৩: মামলায় আসামি ৮০০
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হওয়া ঘটনায় মামলা হয়েছে।
শাহপরীর দ্বীপ মাঝের পাড়া কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নুরুল বশর বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।
মামলায় পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ৮০০ জনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ পাঁচ আসামিদের মধ্যে মৃতদের দুই জনও আছে বলে জানান তিনি।
নাম উল্লেখ করা পাঁচ আসামি হলেন সাবরাং মন্ডলপাড়ার আমির হামজার ছেলে এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী চেয়ারম্যান নুর হোসাইনের ভাই নিহত আব্দুল গফুর (৩৮), একই এলাকার আব্দুস সালামের ছেলে নিহত মনির আহমেদ (২৮), মনিরের মা রেহেনা বেগম (৪৮) ও বোন শাহেনা আক্তার (২৫), মৃত আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫)।
গত ২৩ মার্চ প্রথম দফা ভোটগ্রহণের সংঘর্ষে নিহত তিনজনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাওয়ার কথা সদর থানা পুলিশ স্বীকার করলেও টেকনাফ পুলিশ নিশ্চিত করতে পারেনি।
