২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেলা নদীতে কোস্টারডুবি: তদন্ত প্রতিবেদন জমা

সুন্দরবনের শেলা নদীতে কয়লাবহনকারী কোস্টারডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বন বিভাগের করা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বন সংরক্ষক সাইদুল ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ।

একই দিন শেলা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়।

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এগুলো হলো: শেলা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা, শেলা নদীতে ডুবে থাকা দুটি জাহাজ দ্রুত সময়ে উত্তোলন করা এবং নতুন দুর্ঘটনা এড়াতে অতীতে নদীর যেসব স্থানে জাহাজ ডুবেছে তা চিহ্নিত করা।

বুধবার সচিবালয়ে নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, “শেলা নদীতে তেলবাহী ট্যাংকার ও পরে কয়লাবাহী জাহাজ দূর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকির মতো দেখা দিয়েছে, এতে জাতিও উদ্বিগ্ন।”

বর্তমানে ১২ ফুট ড্রাফটের (গভীরতা) জাহাজ মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করছে জানিয়ে মন্ত্রী বলেন, তার চেয়ে বেশি গভীরতার জাহাজ শেলা নদী দিয়ে চলত।

ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে জানিয়ে শাজাহান খান বলেন, বুধবারই সেগুলো শেলা নদী দিয়ে পার করিয়ে দেওয়া হবে।

“এরপর আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না। এটি আমরা সিদ্ধান্ত দিয়েছি।”

গত ১৯ মার্চ সুন্দরবনের শেলা নদীতে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার ডুবে যায়।

আর ২০১৪ সালের ৯ ডিসেম্বর একই নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি তেলবাহী ট্যাংকার ডুবলে সুন্দরবনের এই নৌপথে বাণিজ্যিক নৌ চলাচল বন্ধের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন।

পুরনো খবর:

সুন্দরবনে কোস্টার উদ্ধার শুরু হয়নি, তদন্ত কমিটি গঠন
শেলা নদীতে কোস্টারডুবি: তদন্তে আরেকটি কমিটি
শেলা নদীতে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ