২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে স্ত্রী-ছেলেকে হত্যার অভিযোগ

পারিবারিক কলহের জেরে খাগড়াছড়ির গুইমারায় স্ত্রী ও ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 12:40 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

গুইমারা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে উপজেলার বিলাক এলাকায় নিজ বাড়ি থেকে মাজেদা বেগম (২০) ও তার ছয় মাসের ছেলে রেদোয়ানের লাশ উদ্ধার করা হয়।

মাজেদা ওই এলাকার সাবের আলীর (২৪) স্ত্রী।

এ ঘটনায় সাবের আলীর বাবা মাহবুবু আলী (৪৬), মা রেনু আরা বেগম ও ছোট ভাই শাহজাহান আলীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানান ওসি।     

এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাবের ও মাজেদার মধ্যে কলহ চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

ওই সময় সাবের তার স্ত্রী মাজেদা ও ছেলে রেদোয়ানকে গলা টিপে হত্যা করে থাকতে পারে বলে এলাকাবাসীরা ধারণা করছে বলে ওসি জানান।

মাজেদার বাবা মো. শাহাবুদ্দিন বলেন, “বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করত সাবের। গত সপ্তাহেও সে এক লাখ টাকা দাবি করে।”

“আমি দিতে অস্বীকৃতি জানাই বলে সারেরই আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে।” 

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুইমারা থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মোস্তাফিজুর জানান।