ফেনীতে ছাত্রলীগ নেতার বাসায় ১৬ হাতবোমা
ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রলীগের এক নেতার বাসা থেকে ১৬টি হাতবোমা ও হাতবোমা তৈরির তিন কেজি সরঞ্জাম উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানের বাসা থেকে সোমবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয় বলে জানান দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার রাতে পৌর যুবলীগ সভাপতি শাহাজাহান সাজুর ওপর হামলার ঘটনায় রাতেই রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।
“জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে বসুরহাট রোডে তার বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় দোতালার একটি কক্ষ থেকে ১৬টি হাতবোমা, হাতবোমা তৈরির প্রায় তিন কেজি সরঞ্জাম ও ইয়াবা ট্যাবলেট সেবনের দুটি ফয়েল উদ্ধার করা হয়।”
ওসি আসলাম জানান, পরে রায়হানের ব্যবহৃত একটি কম্পিউটারও জব্দ করা হয়।
