২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ৩ খুন মামলার আসামি আ. লীগ প্রার্থী

ঢাকার দোহারের বিলাসপুরে সংসদ নির্বাচনোত্তর সহিংসতায় তিনজন নিহতের ঘটনার মামলার প্রধান আসামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

আসাদুজ্জামান সুমন

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 11:06 AM

Updated : 20 Aug 2022, 12:13 PM

আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় এ ভোটে আওয়ামী লীগ প্রার্থী হুকুম আলী চোকদারের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন তার দলেরই আরেক নেতা বিলাসপুরের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে দোহারে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান খানকে সমর্থন করেন হুকুম চোকদার। অন্যদিকে জাতীয় পার্টির সালমা ইসলামের পক্ষে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন।

ভোটে সালমার কাছে হেরে যান মান্নান খান। পরদিন বিলাসপুরের হাজারবিঘা গ্রামে চোকদার ও আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হুকুম আলী চোকদার। 

Image
হুকুম আলী চোকদার

হুকুম আলী চোকদার

এ বিষয়ে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহিংসতায় তিনজন নিহতের ঘটনায় হুকুম আলী চকদারসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পুলিশের দেওয়া অভিযোগপত্রে হুকুম আলীকে প্রধান আসামি করা হয়।

তবে সহিংসতার ওই ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে হুকুম আলী চোকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দিনের খুনের ঘটনায় আমি জড়িত নই। সেদিন আমি ঘটনাস্থলেও ছিলাম না। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।”

ওই মামলায় বর্তমানে জামিনে আছেন বলে জানান তিনি।

Image
আলাউদ্দিন মোল্লা

আলাউদ্দিন মোল্লা

বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছি। অথচ আমাকে বাদ দিয়ে তিন খুন মামলার আসামি হুকুম আলী চোকদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

“জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুকুম আলী চোকদার ওই হত্যাকাণ্ডে জড়িত নন। এ মামলায় যেহেতু রায় হয়নি, তাই দলের পক্ষ থেকে তাকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।”

২২ মার্চ বিলাসপুর ছাড়াও এই উপজেলার মুকসুদপুর, নারিশা, কুসুমহাটি ও নয়াবাড়ি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে চারটি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

পুরনো খবর:

দোহারে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ৩