দোহারে নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ৩
ভোটের পরদিন ঢাকার দোহার উপজেলার বিলাসপুর এলাকায় বিজয়ী ও পরাজিত পক্ষের সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মান্নানের নৌকা ডুবাল সালমা
পুলিশ ও এলাকাবাসী জানায়, দোহারের হাজারবিঘা গ্রামে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ও দোহার থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাশার চকদারের সমর্থকরা সোমবার সকাল ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ায়।
সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এরা হলেন হলেন- মোর্শেদ খন্দকার ওরফে মুসা খন্দকার (৫০), তার ছেলে মাসুদ খন্দকার (২৮) ও আলাউদ্দিন চেয়ারম্যানের ভাগ্নে মকবুল মুন্সী (৩৬)।
আহতদের মধ্যে আটজনকে ঢাকায় নিয়ে আসার পর আরো দুই জনের মৃত্যুর কথা পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হলেও পরে জানানো হয় তথ্যটি সঠিক নয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলাম মোল্লা (৫০) এবং রেজাউল (৫০) নামের দুজনকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নেয়ার সময় তাদের স্বজনরা মনে করেন, তাদের মৃত্যু হয়েছে। তারাই আমাদের খবরটি জানিয়েছিলেন। তবে পরে নিশ্চিত হয়েছি, তারা মারা যাননি। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। ”
ওই দুইজন ছাড়াও আনোয়ার খন্দকার (৫০) ও শাহজালাল খন্দকার (৫৪) ঢাকার মিটফোর্ড হাসপাতালে এবং বছিরন নেছা (৫৫), তার ছেলে সুমন (১৪), শাহে আলম (৩৫) এবং সালেহা (৫০) নামে আরো চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন মোল্লা আগে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে থাকলেও নির্বাচনে তিনি দোহার (ঢাকা-১) আসনের বিজয়ী প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের পক্ষে কাজ করেন।
আর বাশার চকদার নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের অনুসারী হিসাবে পরিচিত।
রোববার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মান্নান খানকে পরাজিত করেন নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী সালমা।
এর জের ধরেই সোমবার সকালে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।
আহত আনোয়ারের ভাই তৈয়ব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের আগে তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়। এ কারণেই প্রতিপক্ষরা হামলা চালায়।”
অবশ্য অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলছেন, এলাকার অধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছিল।
নিহতরা সবাই আলাউদ্দিনের লোক জানিয়ে তিনি বলেন, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
