২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ, আটক ৩

গাজীপুরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শুক্রবার রাতে সিটি করপোরেশনের বরুদা এলাকা থেকে মো. গিয়াস উদ্দিনের  (৬০) লাশ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার এসআই হুমায়ুন কবির।

তিনি সোনালী ব্যাংকের গাজীপুর প্রিন্সিপাল রিজিওনাল ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার ছিলেন।

আটককৃতরা হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তার (৪০)।

গিয়াসের ছোট ভাই মহিউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বড় ভাই সম্প্রতি চাকরি থেকে অবসরে যান। ভাইয়ের সঙ্গে স্ত্রী ও ছেলে টাকা পয়সার জন্য প্রায়ই ঝগড়া হতো এবং তাকে মারধরও করতো তারা।”

তিনি বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে ভাই আমাদের ফোন দিয়ে জানিয়েছিলেন যে, তাকে হত্যা করা হতে পারে।”

“এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভাইয়ের মৃত্যু হয় বলে খবর পাই।”

এর আগে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান মহিউদ্দিন খান।

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, রাতে ঝগড়ার এক পর্যায়ে গিয়াস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্ত্রী জাহানারা দাবি করছেন।

তবে গিয়াসের ঘাড়ে সূচের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন এসআই হুমায়ুন

গিয়াস উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম।