ধর্ষিত শিশু হাসপাতাল থেকে উধাও
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক রিকশাচালকের নয় বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।
পুলিশ জানায়, বুধবার তালোড়া খাদ্য গুদামের কুলি শাহজাহান আলী (৪৫) মেয়েটিকে ধর্ষণ করে।
বৃহস্পতিবার বিকালে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হলেও এক পর্যায়ে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়।
জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির টিএসআই শাহ আলম বলেন, বেশ কিছুদিন ধরে শিশুটিকে শাহজাহান আলী ১০ টাকা, ২০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে আসছিল।
“বুধবার দুপুরে তাকে ৫০ টাকা দিয়ে খাদ্য গুদামের পাশে নিয়ে ধর্ষণ করে।”
শিশুটি ওই ঘটনা বাড়ি গিয়ে বাবা-মাকে বলে দেয় বলে জানান টিএসআই শাহ আলম।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ধর্ষণের শিকার শিশুটিকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে গাইনি ওয়ার্ডে এবং পরে সার্জারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।
“কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”
স্বজনদের বরাত দিয়ে এসআই শাহ আলম বলেন, শিশুটির আত্মীয়রা জানিয়েছেন ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটমাট করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাকে হাসপাতালে আনা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “টিএসআই শাহ আলমের মাধ্যমে বৃহস্পতিবার খবরটি জানতে পেরেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।”
