২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে ‘সংশয়ে’ বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে শংশয় প্রকাশ করেছে বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজপাড়ায় জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লার কচির বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি সভাপতি ও মেয়র পদপ্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি।

হাফিজুর রহমানের অভিযোগ, বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদেরকে ভয়ভীতি দেখিয়ে নৌকা মার্কার জনসভায় মিছিল নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে।

“আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে- মেয়র পদে প্রকাশ্য ভোট হবে, আর কাউন্সিলর ভোট হবে গোপনে।”

অবস্থার উন্নতি না হলে পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে শংশয় প্রকাশ করেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করে তিনি বলেন, “ইতোমধ্যে আমাদের দলীয় ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

মনোনয়নপত্র দাখিলের পর থেকেই গ্রেপ্তারের ভয়ে তিনি গণসংযোগ করতে পারছেন না। পুলিশের বাধার কারণে একটি নির্বাচন কার্যালয়ও করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেরনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং অফিসার বশিরুল হক ভুইয়া বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সবকিছু করা হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ৪৮টি কেন্দ্রের সবকটিতে ১৪ জন করে আনসার থাকবে। এর মধ্যে তিন জন থাকবে সশস্ত্র। চার জন পুলিশ থাকবে। চার প্লাটুন বিজিবি ও র‌্যাব টহলে থাকবে।

এছাড়া আইনশৃংখলা রক্ষায় নয় জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করবেন বলে জানান তিনি।

আগামী ২০ মার্চ দেড়শ বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে পাঁচ জন ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।