চালু হয়নি ভোলা-লক্ষ্মীপুর ফেরি, ঘাটে পচছে কাঁচা পণ্য
মেঘনার ভাঙনে এপ্রোচ সড়ক বিলীন হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল।
বৃহস্পতিবার পাঁচ দিন পেরিয়ে গেলেও চালু হয়নি ফেরি চলাচল।
ভোলার ইলিশা ফেরি ঘাটের এপ্রোচ সড়ক মেঘনায় বিলীন হওয়ায় রোববার থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘোষণা ছাড়াই ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুপাড়ে আটকে আছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান। পচন ধরেছে এসব যানে থাকা কাঁচা পণ্য।
ভোলার চরফ্যাশন থেকে তরমুজ নিয়ে ঢাকাগামী ট্রাকের চালক মো. আমির হোসেন বলেন, পারাপারের অপেক্ষায় থেকে ট্রাকের তরমুজ পচে গেছে।
কবে নাগাদ পারাপার শুরু হতে পারে এ বিষয়ে ফেরি ঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার বলেন, ঘাটের ভেঙে যাওয়া এপ্রোচ রোড ঠিক করা হচ্ছে। ফেরি চালু হতে আরও কয়েকদিন সময় লাগবে।
