বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরা সদর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বারোমাইল এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ।
নিহতরা হলেন সদরের দোরামোথনা গ্রামের রাজু বিশ্বাস ও তার চাচাতো ভাই লিটন বিশ্বাস (৩২)। দুজনে রং মিস্ত্রির কাজ করতেন।
এসআই রউফ বলেন, রাজু ও লিটন মোটরসাইকেলে করে বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন। পথে বারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
লিটনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
