২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যায় ২ জনের যাবজ্জীবন

বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 09:57 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর পুরান কয়লাঘাট এলাকার মৃত রতন চৌকিদারের ছেলে শাহিন ওরফে হারুন চৌকিদার (২৫) ও হাসেম আলী হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার ওরফে হোসেন আলী (২৩)।

দুজনই নগরীর বাজাররোড হক মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

একসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া আরেকটি ধারায় দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর আলীর গলি এলাকার হারুন অর রশিদের মেয়ে মমতাজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনিয়াকে (১৫) বিভিন্ন সময় উত্ত্যক্ত করত আসামিরা। এ ঘটনায় হারুন আসামিদের পরিবারের কাছে অভিযোগ করেন।

“এতে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ১০ অগাস্ট কৌশলে সোনিয়াকে বাসার বাইরে ডেকে আনে এবং ধরে শাহিনের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় সোনিয়া ডাক চিৎকার করলে খাটের সঙ্গে মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ বাসার পাশের ড্রেনে ফেলে দেয়।”

পর দিন সকালে শাহিনের বাসার সামনের ড্রেন থেকে সোনিয়া লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই কোতোয়ালি মডেল থানায়  দুইজনকে আসামি করে মামলা করেন সোনিয়ার বাবা। একই বছরের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।