ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন নয়ন (২৮) ও সাগর (২২)। উভয়ের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাতাবালি গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার পৌনে ৩টার দিকে মাওয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা বরিশালমুখী যাত্রীবাহী একটি বাস অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার ছকড়িকান্দীতে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হলে প্রায় অর্ধশত যাত্রী আহত হন বলে জানান মধুখালী থানার ওসি রুহুল আমিন।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও জানান ওসি।
