গাজীপুরে লেগুনা খাদে, এক যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে একটি লেগুনা খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।
উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি মো. দাউদ খান জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি দাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কোনাবাড়ি থেকে কালিয়াকৈরের বলিয়াদী যাওয়ার পথে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে লেগুনার চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লেগুনাটি সড়কের পাশ থেকে প্রায় বিশ ফুট নিচে খাদে পড়ে যায়।
লেগুনার অন্তত ২০ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে ওসি জানান ।
