উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসিতে পাশ ৭৪ শতাংশ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের এইচএসসি চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত পাশের হার ৭৪ দশমিক ৮০ শতাংশ বলে জানানো হয়েছে।
এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে মোট ৭৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে বিভিন্ন গ্রেডে মোট ৫৯ হাজার ৬২৭ জন পাশ করেছেন।
এদের মধ্যে সাতজন জন জিপিএ ৫ পেয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ৮৩৩, যাদের পাশের হার ৭৩ দশমিক ৮৪। ছাত্রীদের মধ্যে পাশ করেছেন ২২ হাজার ৭৯৪ জন, পাশের হার ৭৬ দশমিক ৪১ শতাংশ।
একই সঙ্গে ৭১ হাজার ৮৭৭ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট exam.bou.edu.bd থেকে ফল জানা যাবে। এছাড়া bou লিখে স্পেস দিয়ে student ID লিখে বাংলালিংক থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
