বঙ্গোপসাগরে ট্রলার থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে তিন লাখ ইয়াবাসহ সাত জনকে আটক করেছে র্যাব।
সোমবার বিকাল ৪টার দিকে গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার ছৈয়দ মোহসীনুল হক।
আটকরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মোহাম্মদ আলম (৪২), নাছির উদ্দিন (৪৪), মোহাম্মদ জসিম উদ্দিন (২২), মো. কলিম উল্লাহ (২৪), মো. আশরাফ উদ্দিন (১৬), মোহাম্মদ হোসেন (২৫) ও শেখেরখালী এলাকার মোহাম্মদ কামাল (২৬)।
এ সময় জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত ‘এফবি রাফসান’ নামের ফিশিং ট্রলারটি।
র্যাব কর্মকর্তা বলেন, সাগর পথে ইয়াবার বড় একটি চালান পাচারের খবর পেয়ে র্যাব সদস্যরা ট্রলার নিয়ে গভীর সাগরে অভিযান চালায়। এ সময় সাগরে চট্টগ্রামমুখী একটি ফিশিং ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়।
“ট্রলারটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে আটক এবং তল্লাশি চালিয়ে কোল্ড স্টোরেজের ভেতরে একটি বস্তা থেকে তিন লাখ ইয়াবা পাওয়া যায়।”
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানান তিনি।
