২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে পুলিশ নিহত

গাজীপুরে পুলিশের টহল মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:53 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

শনিবার ভোর ৪টার দিকে গাজীপুর সদরের গিলাবেরাইদ এলাকায় ঢাকা-ময়নসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল হক ভুইয়া।

নিহত হারুন অর রশিদ জয়দেবপুর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

এ ঘটনায় ওই থানার আরও দুই কনস্টেবল জব্বার, মানিক এবং মাইক্রোবাসের চালক ফারুক মিয়া আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই নাজমুল হক বলেন, শনিবার ভোর ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ মাইক্রোবাসে করে টহল দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায়।

এতে মাইক্রোর সামনের অংশ দুমড়ে ভেতরে ঢুকে যায় এবং মাইক্রোতে থাকা জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. হারুন অর রশিদ ঘটনাস্থলে নিহত এবং কনস্টেবল জব্বার ও মানিকসহ মাইক্রোর চালক মো. ফারুক মিয়া গুরুতর আহত হন বলে জানান তিনি।

রাত থেকেই গাজীপুর সদর উপজেলার গিলাবেরাইদ এলাকায় (পুষ্পদামের সামনে) ঢাকা-ময়নসিংহ মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল।  দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।