মাগুরার গমক্ষেতে ঝিনাইদহের কিশোরীর লাশ
মাগুরার শালিখা উপজেলার গমক্ষেতে এক কিশোরীর লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
গঙ্গারামপুর ইউনিয়নের গজনগর গ্রামের গমক্ষেত থেকে শুক্রবার দুপুরে আঁখি খাতুনের (১১) লাশ উদ্ধার করা হয় বলে জানান শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার হাসানকাঠি গ্রামের মোয়াজ্জেম হেসেনের মেয়ে আঁখি ছবি তোলার জন্য বৃহস্পতিবার সকালে তার চাচা মনিরুল ইসলামের সঙ্গে শহরের একটি স্টুডিওতে যায়।
“সেখান থেকে চাচার পরিচিত যশোরের চূড়ামনকাঠির জুয়েল তাকে কৌশলে অপহরণ করে। বিকালে তার পরিবার ঝিনাইদহ সদর থানায় জিডি করে। একপর্যায়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা।”
পরে মোবাইল ফোনের সূত্র ধরে গঙ্গারামপুরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা গেলেও শুক্রবার রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি বলে জানান শালিখা থানার ওসি।
তিনি বলেন, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
