আ.লীগের প্রার্থী বাছাইয়ে সংঘর্ষ, পুলিশের ‘ফাঁকা গুলি’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে ভোট চলাকালে সংঘর্ষ বাধলে পুলিশ ‘ফাঁকা গুলি’ ছুড়েছে।
শাহ্ বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় দি চাইল্ড কেজি স্কুল চত্বরে শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়।
“ভোটে মো. আল-আমিন মণ্ডল বিজয়ী হলে তিনি পরাজিত প্রার্থী আবু তালেব আকন্দের কাছে দোয়া চাইতে যান। এ সময় উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।”
শেরপুর থানার ওসি খান মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, এ ঘটনায় আল-আমিন (৪০), মিন্টু (৩৫), মুকুল (৪৫), আসাদুল (৪০) ও মোমিন (৩৭) নামে পাঁচজন আহত হন।
আহতদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে মিন্টু, মুকুল ও আসাদুলকে বগুড়ার শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও স্থানীয়রা জানিয়েছে।
