২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিবাদে ঘরে আগুন, দগ্ধ দুই ভাই

নেত্রকোণা শহরে মায়ের একখণ্ড জমি নিয়ে বিরোধের জেরে নিজেদের ঘরে দেওয়া আগুনে দুই ভাই দগ্ধ হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

শুক্রবার বিকালে শহরের নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫) ও দেলোয়ার হোসেন (৪১)।

তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার এসআই আব্দুল আউয়াল সর্দার জানান, নিউটাউন এলাকায় এ দুজনের মা আনোয়ারা বেগমের  আধা শতাংশ জমিতে বাড়ি রয়েছে। এই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

“বিকালে দুভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে একভাই ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাতে দুজনই দগ্ধ হয়।”

ঘরে অগ্নিসংযোগের জন্য দুভাই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে বলে জানান এসআই আউয়াল। 

“তবে কে আগুন দিয়েছে এখনই তা বলা যাচ্ছে না।”

আনোয়ারা বেগম বলেন, ছোট ছেলে দেলোয়ার তার জমি জোর করে নিয়ে যেতে চায়। এই জমি না দেওয়ায় বড় ছেলে নুরুল ইসলাম ও তাকে পুড়িয়ে মারতে সে (দেলোয়ার) পেট্রোল ঢেলে আগুন দেয় ঘরে।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তপংকর পাল বলেন, নুরুল ইসলামের অবস্থা আশংকাজনক। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আর দোলোয়ার হোসেনের পুড়েছে প্রায় পাঁচ শতাংশ।