২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সমাবেশ করতে পারেনি তেল-গ্যাস কমিটি  

পুলিশের অনুমতি না পাওয়ায় যশোরে সমাবেশ করতে পারেনি তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এছাড়া তাদের যশোর শহরেও প্রবেশ করতে দেয়নি পুলিশ।

শুক্রবার বিকালে যশোর টাউন হল ময়দানে সংগঠনটির সমাবেশ করার কথা ছিল।

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যশোর জেলা শাখার সদস্য-সচিব মাহমুদ হাসান বুলু জানান, শহরের টাউন হল ময়দানে সমাবেশ করার জন্য পাঁচ দিন আগে পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়।

“চারদিন পর বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয় টাউন হল ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া যাচ্ছে না। সেখানে আরেকটি সংগঠনের কর্মসূচি রয়েছে।”

তিনি বলেন, পুলিশ প্রথমে লংমার্চকারীদের যশোর শহরে ঢুকতে এবং রাতযাপন করতে দেবে না বললেও সন্ধ্যার পর তাদের শহরে অবস্থান করার অনুমতি দেয়।

“সেই অনুযায়ী লংমার্চকারীরা রাতে যশোর শহরের শিক্ষা ও সংস্কৃতির সাতটি প্রতিষ্ঠানের ভবনে অবস্থান করছেন,” বলেন মাহমুদ হাসান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ডিএসবির ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তাই তাদের শহরের সভা করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, তারা বাইপাস ব্যবহার করে খুলনার দিকে যেতে পারে। পথে যেকোনো স্কুলমাঠ বা অনুরূপ স্থানে সমাবেশ করলে পুলিশ বাধা দেবে না।

ক্লিয়ারেন্স না মেলার কারণ জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল বলেন, জনযাত্রা শহরে ঢুকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ঢাকা থেকে শুরু হওয়া জনযাত্রা কর্মসূচি শুক্রবার বিকালে স্থানীয় টাউন হল ময়দানে সমাবেশ করার এবং পরে তাদের যশোরে রাতযাপনের কথা ছিল।

আয়োজকরা জানান, শনিবার বিকালে লংমার্চকারীরা খুলনায় শহীদ হাদিস পার্কে সমাবেশ করবেন। স্থানীয় প্রশাসন অনুমতিও দিয়েছে। যশোর ছাড়া পূর্বনির্ধারিত অন্য পয়েন্টগুলোতে তারা নির্বিঘ্নে সমাবেশ করেছেন।

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে লংমার্চ শুরু করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

কমিটির সদস্যরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে কলাবাগানে যান। সেখান থেকে গাড়িতে করে শুরু হয় তাদের ‘জনযাত্রা’।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরেও একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করেছিল তেলগ্যাস রক্ষা কমিটি।

পুরনো খবর:

সুন্দরবন অভিমুখে ‘জনযাত্রা’ শুরু