২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন অভিমুখে ‘জনযাত্রা’ শুরু

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

কমিটির সদস্যরা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে কলাবাগানে যান। সেখান থেকে গাড়িতে করে শুরু হয় তাদের ‘জনযাত্রা’।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরেও একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করেছিল তেলগ্যাস রক্ষা কমিটি।

কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ সমাবেশে বলেন, সরকার রামপাল প্রকল্প থেকে সরে না এসে সেখানে আরেকটি বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

“সরকার বল প্রয়োগ, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে জেনেশুনে জনগণের মুখে বিষ ঢেলে দিয়েছে। যুক্তি, তথ্য, বিশ্লেষণ এবং ব্যাপক জনমতকে উপেক্ষা করে বাংলাদেশ ও ভারতের একদল মুনাফালোভীর কাছে আত্মসমর্পণ করে তারা এই কাজ করছে। প্রধানমন্ত্রী হাতে একদিকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার, অন্যদিকে সুন্দরবন ধ্বংসের পরোয়ানা।”

সরকার বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০১১ সালে সমঝোতা স্মারকের পর ২০১২ সালের ২৯ জানুয়ারি ভারতের সঙ্গে চুক্তি করে।

এই কেন্দ্রের নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’, যার সমান অংশীদার থাকছে দুই দেশের। 

তেলগ্যাস কমিটির সঙ্গে পরিবেশবিদ ও রামপালের বাসিন্দারা বলছেন, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন হুমকির মুখে পড়বে।

তবে সরকার শুরু থেকেই বলছে, পরিবেশ দূষণ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে সর্তক থেকেই এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবন ধ্বংস হলে ১০ লাখ মানুষ জীবন-জীবিকা হারাবে। চার কোটি মানুষ হারাবে দুর্যোগ থেকে রক্ষার কবচ। এই প্রকল্প মানববিধ্বংসী ও বিশ্বাসঘাতকতার একটা প্রকল্প। এটা বাস্তবায়ন হতে পারে না।”

ঢাকা থেকে শুরু হওয়া চার দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী ১৩ মার্চ,বাগেরহাটের কাটাখালী মোড়ে সমাপনী সমাবেশ ও জনযাত্রার ঘোষণা পাঠের মধ্য দিয়ে। পথে মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনার বিভিন্ন স্থানে হবে পথসভা।