এমসি কলেজে সংঘর্ষ: তদন্তে নেমেছে ছাত্রলীগ
সিলেট এমসি কলেজে অভ্যন্তরীণ বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা তদন্ত শুরু করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাকিব হাসানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে এমসি কলেজে অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সাথে সাক্ষাৎ করে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন।
পরে প্রতিনিধিদলের সদস্যরা কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কথা বলেন।
গত সোমবার সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে খায়রুল ইসলাম শাহীন ও রতন গোপ নামের দুজন গুলিবিদ্ধ হন।
বেলা ১টায় প্রতিনিধিদলের সদস্যরা কলেজ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় গিয়ে সংঘর্ষের ব্যাপারে আলাপ করেন।
রাতে এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের সাথে এ ব্যাপারে আলাপ করবেন বলে জনিয়েছেন তদন্ত প্রতিনিধি দলের নেতা সাকিব হাসান।
তদন্ত শেষে শনিবার ছাত্রলীগের কেন্দ্রে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
তদন্ত কাজে থাকা ছাত্রলীগের প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মশিউর রহমান শরীফ, মো. জাহাঙ্গির আলম, সাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম, পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম হাবিবুল্লাহ বিপ্লব, পাঠাগার সম্পাদক ইলিয়াস উদ্দিন।
