এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫
সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান।
গুলিবিদ্ধ রতন গুপ্ত ও খায়রুল ইসলাম শাহীন নামে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের পায়ে ছররা গুলি লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভিনা।
সংঘর্ষে সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও তা অস্বীকার করেছেন ওসি নিজাম উদ্দিন।
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়েছে; তা লাগতে পারে।”
সংঘর্ষের পর অভিযান চালিয়ে এমসি কলেজ থেকে বিপুল পরিমাণ রামদা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি নিজাম উদ্দিন জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে নিপু ও রায়হান পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
“সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে নিপুর পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেয়। বেলা দেড়টার দিকে রায়হানের পক্ষের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
নিপুর সমর্থক সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, “জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, বহিষ্কৃত সভাপতি পংকজ পুরকায়স্থ, ছাত্রলীগ নেতা জাকারিয়া ও ছয়েফের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়েছে।”
এম রায়হান চৌধুরী বলেন, “রোববার পরীক্ষার প্রবেশপত্র আনতে কলেজে যান ছাত্রলীগ কর্মী বিকাশ চন্দ্র সাহা। এ সময় হিরণ মাহমুদ নিপু ও তার নেতাকর্মীরা বিকাশকে মারধর করে। এ ঘটনার জেরে বিকাশের সহকর্মীরা আজ ক্যাম্পাসে গেলে নিপুর অনুসারীরা গুলি ছোড়ে।”
এদিকে অভিযোগ অস্বীকার নিপু বলেন, “সকাল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ করে রায়হানের পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকে গুলি করলে সংঘর্ষ শুরু হয়।”
রায়হানের পক্ষের ছোড়া গুলিতে রতন ও শাহীন আহত হয়েছেন বলে দাবি করেন নিপু।
