গোসাইবাড়িতে মনোনয়ন নিয়ে অসন্তোষ আ. লীগে
বগুড়ার ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বাতিল চেয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিন মনোনয়ন প্রত্যাশী।
বুধবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক বাচ্চু, সদস্য জিয়া শাহীন এবং যুগ্ম-সম্পাদক আশরাফুল কবির বিপুল।
লিখিত বক্তব্যে মাসুদুল হক বাচ্চু বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিএনপির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।”
‘দলের কোনো পর্যায়ের সদস্য নন এমন ব্যক্তি শামছুল বারিকে’ ধুনটের গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এলাকায় শামছুল বিএনপির সমর্থক হিসেবে পরিচিত বলেও দাবি করেন তারা।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্মে প্রার্থী পরিচয় দিয়েছেন ‘সমর্থক’ হিসেবে উল্লেখ করে সম্মেলনে লিখিত বক্তব্যে বাচ্চু বলেন, “আমরা বছরের পর বছর জেল জুলুম সহ্য করে দল করব, আর হঠাৎ করে বিএনপি থেকে ধরে নিয়ে এসে মনোনয়ন দেওয়া হবে এটা মানা যায় না।”
