বাখরাবাদ গ্যাস ফিল্ডে আরেকটি কূপ খনন শুরু
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন বাখরাবাদ গ্যাস ফিল্ডে আরও একটি কূপ খনন কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে কুমিল্লার মুরাদনগরে বাখরাবাদ গ্যাস ফিল্ডে ১০ নম্বর কূপের এ খনন কাজ উদ্বোধন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান।
বিজিএফসিএল এর সচিব মো. মতিউর রহমান জানান, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাসপ্রম ইপি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টস বিভি এ খনন কাজ করছে। খননের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি টাকা।
তিনি বলেন, বাখরাবাদ গ্যাস ফিল্ডে মজুদ গ্যাসের পরিমাণ, স্ট্রাকচারের বিস্তৃতিসহ সার্বিক ভূতাত্ত্বিক কাঠামো নির্ণয়ের জন্য একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলের ভিত্তিতে গ্যাস ফিল্ডের উত্তর-পশ্চিমাংশে ১০ নম্বর কূপটি খনন করা হচ্ছে।
কূপটি খনন হলে বাখরাবাদ গ্যাস ফিল্ডের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিসহ রিজার্ভয়ারের প্রকৃত অবস্থা ও বিস্তৃতি নিরূপণ সম্ভব হবে বলে জানান মতিউর রহমান।
প্রকল্প পরিচালক মামুন আজাদ বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই মাসের মধ্যে খনন কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ।
