২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে স্বাভাবিক সিলেট

যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায়ের পর তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সিলেটের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:30 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

ঢিলেঢালাভাবে চলা হরতালে অন্যান্যদিনের মতো চলছে সবকিছু।

বুধবার সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের।

হরতালকে কেন্দ্র করে যাতে নগরীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ বলেন, হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে।

“নগরবাসীর নিরাপত্তায় সবকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ভোর থেকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। চলছে স্বল্পপাল্লার বাসও। কিন্তু দূরপাল্লার বাস চলাচল করছে কম।

যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস কম ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

নগরীর দোকানপাটও খুলেছে। তবে বড় শপিংমলগুলো খোলেনি।

যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।