২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে স্বাভাবিক বরিশালের জনজীবন

আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতাল ডেকে বরিশালে মাঠে নেই তার দল জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:08 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার সকাল থেকে মহানগরীর কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের মিছিল-সমাবেশ কিংবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি। কোথাও কোনো গোলযোগের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের উপ-কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচশত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি কাজ করছে র‌্যাবের কয়েকটি টহল টিম।

“এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিনের তুলনায় সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে মহানগরীর সড়কগুলোতে গাড়ি বেড়েছে।”

সড়ক পথের ন্যায় এখানকার নৌপথেও চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “এবারের হরতালে দূরপাল্লার বাস চলাচলও স্বাভাবিক রয়েছে। যাত্রীর সংখ্যাও স্বাভাবিক সময়ের মতো।”

বরিশাল বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদার জানান, প্রতিদিনের মতো ভোর ৬টা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে।   ফুটপাতে হকাররা তাদের পন্যের পসরা সাজিয়েছে, যেখানে ক্রেতা সাধারণের উপস্থিতিও স্বাভাব্কি।