‘বিচারকের রক্ষীর হাতে লাঞ্ছিত’ হাসপাতাল কর্মচারী
হবিগঞ্জের এক বিচারকের নাজির ও নিরাপত্তায় থাকা পুলিশের বিরুদ্ধে জেলা সদর হাসপাতালের এক কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে ওই ঘটনার পর জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের সেবা বন্ধ রাখেন ডাক্তার-কর্মচারীরা।
পরে বুধবারের মধ্যে সমাধানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার সকালে তারা কর্মসূচি স্থগিত করেন।
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা অভিযোগ করেন, সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
জরুরি বিভাগের ব্রাদার হাবিবুর রহমান বলেন, চিকিৎসার এক পর্যায়ে তার (হাবিবুর)কাছে ওই বিচারকের নিরাপত্তায় থাকা পুলিশ কনস্টেবল রুমন ও নাজির রেজাউল করিম ভিআইপি রুমের চাবি চান।
ওই সময় চাবি দিতে দেরি করার অভিযোগে হাবিবুর রহমানকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে তারা সদর থানায় সোপর্দ করে বলে জানান হাবিবুর।
তিনি জানান, খবর পেয়ে হাসপাতালের কর্মকর্তা, কর্মকারী ও চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ করে জরুরি সভায় মিলিত হন।
গভীর রাতে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে জানান হাবিবুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
