২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পাউবো প্রকৌশলীর কার্যালয়ে ভাংচুর

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একটি দরপত্রের লটারি চলাকালে ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 04:54 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে এ হামলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ আহত হয়েছেন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

প্রকৌশলী আব্দুল লতিফ জানান, জিকে প্রকল্পের অধীন এক কোটি ৩০ লাখ টাকার ২৯ গ্রুপের কাজের লটারির কাজ চলছিল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে।

“আঠারো গ্রুপের লটারি শেষে দুপুর ১টার দিকে ৪/৫ জন দুর্বৃত্ত নির্বাহী প্রকৌশলীর কক্ষে জোরপূর্বক ঢুকে ইজিপি পদ্ধতির বদলে আগের নিয়মে লটারি করতে বলে।”

তাদের কথা না শুনলে দুর্বৃত্তরা তার টেবিলের কাচ ও কম্পিউটার ভাংচুর করে। ভাঙা কাচের টুকরা ছুটে গিয়ে তার পেটে সামান্য কেটে গেছে বলে জানান তিনি।

“পরে খবর পেয়ে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

এ ঘটনার পর লটারির কাজ বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় বলে জানান প্রকৌশলী লতিফ।