২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ-বিএনপি জাপাকে ভয় পায়: এরশাদ

আওয়ামী লীগ ও বিএনপি দুদলই জাতীয় পার্টিকে ভয় পায় বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার নীলফামারীতে দলের জেলা সম্মেলনে এরশাদ বলেন, “এই দুটি দল জাতীয় পার্টিকে ভয় পায় বলে আমার বিরুদ্ধে একটির পর একটি মামলা করেছে।

“কারণ তারা জানে এরশাদ স্বাধীনভাবে রাজনীতি করতে পারলে আবার ক্ষমতায় আসবে।”

বর্তমান সরকারের সফলতা অনেক আছে, তেমনি ব্যর্থতাও কম নয় বলে মনে করেন তিনি।

এ সময় তিনি সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কয়েকটি শিশু হত্যাসহ বিভিন্ন হত্যা-নির্যাতনের সমালোচনা করেন।  

বিকালে নীলফামারী জেলা শিল্পকলা অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ।

সম্মেলনে জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি, শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক ও শাহজাহান আলী চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন এরশাদ।

বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, জাফর ইকবাল সিদ্দিকী, শাহজাহান আলী চৌধুরী, মাহবুব আলী বুলু প্রমুখ।

পুরনো খবর:

দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে: এরশাদ
সরকারে গিয়ে কেউ কিছু দেয়নি: এরশাদ
আনিসুল ইসলাম মাহমুদের বিচার চান এরশাদ