২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল ইসলাম মাহমুদের বিচার চান এরশাদ

ওয়ান-ইলেভেনের ‘কুশীলব’ হিসেবে নিজের দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:58 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে রোববার শেরপুরে জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্যে তিনি এই দাবি তোলেন।

এরশাদ বলেন, “এক-এগারোর কুশীলব হিসেবে ৫ জনের নাম এসেছে, একজনের নাম আসে নাই- তিনি হচ্ছেন, আমার জাতীয় পার্টির নেতা এবং বর্তমান সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তারও বিচার হওয়া উচিত।”

সম্প্রতি এক টিভি আলোচনা অনুষ্ঠানে মাহফুজ আনাম জরুরি অবস্থার সময় ডিজিএফআইয়ের ‘সরবরাহ’ করা ‘শেখ হাসিনার দুর্নীতির’ খবর যাচাই ছাড়া প্রকাশের ‘ভুল’ স্বীকারের পর তা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

মাহফুজ আনামের বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় একশ মামলা হয়েছে, যার কয়েকটিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছে। ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচারে কমিশন গঠনের দাবিও উঠেছে।

জরুরি অবস্থার সময় দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়নের একটি ষড়যন্ত্র হয়েছিল, যা সম্প্রতি একটি বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন। 

তখনকার কথা বলতে গিয়ে সাবেক সেনাপ্রধান এরশাদ আরও বলেন, “ওই সময়ে শেখ হাসিনা ও খালেদা জিয়া তাদের নিজ নিজ পার্টির প্রধান ছিলেন। কিন্তু আমার কাছ থেকে সেনাবাহিনীর সহায়তায় চেয়ারম্যানের পদ ছিনিয়ে নিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন।

“তিনি এখন বর্তমান সরকারের মন্ত্রী। আমি তার বিচার দাবি করছি।”

নাটকীয়ভাবে দশম সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর জাতীয় পার্টি সংসদে বিরোধী দলে বসার পাশাপাশি সরকারেও যোগ দেয়; আনিসুল ইসলাম মন্ত্রী হওয়ার পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী হন।

সম্প্রতি এরশাদ ভাই জি এম কাদেরকে দলের উত্তরসূরি ঘোষণার পর জাতীয় পার্টিতে যে বিভেদ দেখা যাচ্ছে, তাতে সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম রয়েছেন এরশাদের বিপক্ষে রওশন এরশাদের শিবিরে।

Image
শেরপুরে জাতীয় পার্টির সম্মেলনে এইচ এম এরশাদ

শেরপুরে জাতীয় পার্টির সম্মেলনে এইচ এম এরশাদ

এরশাদ শেরপুরে সম্মেলনে আসা নেতা-কর্মীদের কাছে প্রশ্ন করেন- আপনারা আনিসুল ইসলামের বিচার চান কি না?

নেতা-কর্মীরা দুহাত তুলে ‘হ্যাঁ’ বলে দলীয় চেয়ারপারসনকে সমর্থন জানান।

সম্মেলনে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও কেন্দ্রীয় মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ছাড়াও বক্তব্য দেন শেরপুর জেলা শাখার সভাপতি ইলিয়াস উদ্দিন।

সম্মেলন মঞ্চে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম এ সাত্তারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির দুর্দিনে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও হাওলাদারকে মহাসচিব করায় দলে প্রাণ ফিরেছে দাবি করে এরশাদ বলেন, “আমি মরার আগ পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থাকব।”

জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ আগামী দুবছরের জন্যে শেরপুর জাতীয় পার্টির সভাপতি হিসেবে ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ঠান্ডার নাম ঘোষণা করেন।