২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে: এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার দুপুরে রংপুরে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান।

তিনি বলেন, “দেশে গণতন্ত্রের নামে এখন স্বৈরতন্ত্র চলছে। মানুষ মরবে, গুম হবে, কথা বলতে পারবে না। সাংবাদিকরা লিখতে পারবে না, এমন গণতন্ত্র চলছে দেশে।”

তাকে স্বৈরাচার বলা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দেশে এখন কোন গণতন্ত্র চলছে?’

সরকারের এমন স্বৈরতান্ত্রিক আচরণ জনগণের প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, “প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী ঠিক করা হবে।”

নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তারা একেক বার একেক কথা বলছেন। এখন শুনছি শুধু মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়া যাবে। আসলে তাদের আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ঠিক না করা পর্যন্ত কোনো কিছুই বোঝা যাচ্ছে না।”

এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।