সরকারে গিয়ে কেউ কিছু দেয়নি: এরশাদ
আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে আর জোট না করে আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার কুমিল্লায় দলের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “আর জোট নয়; ৪ দল থেকে ১৪ দল সব দলই দেখেছি, কেউ আমার দিকে ফিরে তাকায়নি। আওয়ামী লীগ ও বিএনপি কারও কাছ থেকে কিছু পাইনি।”
তাই দলকে সুসংগঠিত করে আগামীতে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি, বলেন তিনি।
প্রায় ৩৪ মিনিটের বক্তৃতায় সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “জোটগতভাবে নির্বাচন করার জন্য বিএনপির ডাকে সারা দেওয়ার পর ‘বিএনপির যুবরাজ’ আমাকে তার হাওয়া ভবনে ডেকে নিয়ে নামমাত্র শর্তে স্বাক্ষর নেয়।
“কিন্তু আমার সহযোগিতায় ক্ষমতায় যাওয়ার পর আর কোনো খবর নেয়নি।”
একইভাবে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলে যুক্ত হওয়ার পর তারাও ‘কৌশলে হতাশ করেছে’ বলে অভিযোগ সাবেক এই রাষ্ট্রপতির।
তিনি বলেন, “এবার সিদ্ধান্ত নিয়েছি, আর জোট নয়, ৩শ আসনে প্রার্থী প্রস্তুত করে আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।”
এরশাদ বলেন, বিএনপিকে একাধিকবার সংলাপের আহবান জানানো হয়েছিল। কিন্তু তারা সাড়া দেয়নি। এখন তারা সংলাপের নামে ভিক্ষা চাচ্ছে। তাদেরকে আর ভিক্ষা দেওয়া হবে না।
“তাদের সঙ্গে আমার কোনোদিন সংলাপ হবে না,” বলেন এরশাদ।
দেশের মানুষকে জাতীয় পার্টিতে যোগদান করার আহবান জানিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টি কোনো দল নয়, জাতীয় পার্টি একটি পরিবার। আর ওই পরিবারের প্রধান আমি। যে পরিবারে আছে শান্তি।”
দেশ রক্ষায় ক্ষমতার হাল ধরেন উল্লেখ করে সাবেক সেনা প্রধান বলেন, “১৯৮৪ সালে আমি ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিয়ে দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচন করার আহবান জানাই। কিন্তু কোনো দল আমার ডাকে সাড়া দেয়নি।”
তাই পরবর্তীতে বাধ্য হয়ে ‘গ্রাম বাঁচলে, বাঁচবে দেশ’ শ্লোগানে তিনি জাতীয় পার্টি গঠন করেন বলে দাবি করেন।
বর্তমান সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, দেশের মানুষ নিরাপদে নেই। মানুষ মরে গেলেও এখন বিচার চায় না।
দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই বলে দাবি করেন তিনি।
জাপা চেয়ারম্যান দুপুরে চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বেলা ১১টা ২৫ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছেন।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনের আরও বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিস্তি, কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম মিলন প্রমুখ।
পরে লুৎফুর রেজা খোকনকে আবারও সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়।
