টঙ্গীতে স্কুলছাত্রী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীর গুটিয়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার সুলতান (২৩), জাহাঙ্গীর আলাম (২৫) ও রতন সরকার (২৩)।
কথিত ধর্ষণের দুই দিন পর মেয়েটি বাদী হয়ে মামলা করলেও ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়নি বলে চিকিৎসক জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, টঙ্গীর একটি স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় গুটিয়া এলাকার বাড়ি থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পার্শ্ববর্তী মামাবাড়ি যাওয়ার পথে চার যুবক তাকে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
“এ ঘটনায় শনিবার সন্ধ্যায় মেয়েটি থানায় অভিযোগ করার পর ধর্ষকদের গ্রেপ্তার করতে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। পরে রোববার তিন জনকে গ্রেপ্তার করা হয়।”
রোববার দুপুরে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, ওই ছাত্রীকে নিয়ে পুলিশ হাসপাতালে এলেও সে স্বাস্থ্য পরীক্ষা করবে না বলে রেজিস্টারে লিখিত দেয়। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
