যশোরে জামিন পেলেন মাহফুজ আনাম
জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার অভিযোগে একটি মানহানির মামলায় যশোরের আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
দশ কোটি টাকার মানহানির এই মামলায় রোববার সকালে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হন স্টার সম্পাদক।
প্রায় চল্লিশ মিনিট শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় বিচারক মো.শাজাহান আলী জামিন মঞ্জুর করেন বলে মাহফুজ আনামের আইনজীবী মাহমুদ হাসান বুলু জানান।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; বর্তমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে সে সময় গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সে সময় শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অর্ধশতাধিক মামলা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবির মানহানির এই মামলাটি দায়ের করেন।
