২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী বোমা হামলার বিচার হয়নি ১৭ বছরে

যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ১৭ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি হতাহতদের পরিবার।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 02:27 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে ওই হামলায় প্রাণ হারান ১০ জন। আহত হয়েছিলেন আরও দুই শতাধিক।

নিহতরা হলেন- নূর ইসলাম, নাজমূল হদা তপন, সন্ধ্যা রাণী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম, বুলু, রতন রায় ও রামকৃষ্ণ।

প্রথম পর্যায়ে মামলায় যশোরের বিশেষ ট্রাইব্যুনাল আসামিদের খালাস দেওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে আবার বিচার কাজ শুরু হয়।

যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম পিটু জানান, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ছয় বছর আগে উচ্চ আদালতে আপলি হলেও এখনও তার নিষ্পত্তি হয়নি।

বিচার কার্যক্রম গতিশীল করতে ‘শিগগির’ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।

পিপি জানান, এ হামলার ঘটনায় ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর তরিকুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়। পরে ২০০৬ সালের ৩০ মে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল মামলার বাকি ২৩ আসামিকে খালাস দেয়।

ন্যায়বিচার পেতে উদীচী শিল্পীগোষ্ঠী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুনঃতদন্তের আবেদন করলে মামলাটির বর্ধিত তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।

এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানকে গ্রেপ্তার হন। ওই বছরের ১৯ নভেম্বর আদালতে উদীচী হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে তার স্বীকারোক্তিতে হরকাতুল জিহাদের সদস্য বরিশালের আবুল হোসেন ও মাদারীপুরের মাওলানা আবদুর রউফকে আটক করে পুলিশ।

এরপর ২০১০ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এলে ২০০৬ সালে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়। উচ্চ আদালত খালাসপ্রাপ্তদের পুনরায় আত্মসমর্পণের জন্য সমন জারির নির্দেশ দেন।

২০১১ সালের ২০ জুন এ সংক্রান্ত একটি আদেশ যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছালে পরদিন খালাসপ্রাপ্ত ২৩ আসামির বিরুদ্ধে সমন জারি করে আদালত।

তাদের মধ্যে মহিউদ্দিন আলমগীর, আহসান কবীর হাসান ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। অবশিষ্ট ২০ আসামির মধ্যে ১৭ জন বিভিন্ন সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি অন্যতম আসামি সাইফুল ইসলাম খুন হন।

আসামিদের মধ্যে শফিকুল ইসলাম মিন্টা, শরিফুল ইসলাম লিটু ও সোহরাব নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর ২০১২ সালের ফেব্রুয়ারিতে মিন্টাকে আটক করে পুলিশ।

বর্তমানে তিনিসহ এ মামলার সব আসামি জামিনে আছেন।

হামলার ১৭ বছর পূর্তি উপলক্ষে রোববার স্মরণ সভা, মশাল প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করা হয়েছে বলে যশোর উদীচীর সভাপতি ডি এম শাহিদুজ্জামান  জানিয়েছেন। 

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সাংস্কৃতিক সংগঠন হিসেবে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব নয়। তারপরও উদীচী বোমা হামলার বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি।”

অবিলম্বে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান তিনি।