২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা ‘আহত’

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক আওয়ামী লীগ নেতা ও তার চাচাত ভাই দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 01:25 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বৃহস্পতিবার সন্ধ্যার এ হামলায় ‘আহত’ আনোয়ার হোসেন (৩৬) ও তার চাচাত ভাই ফরিদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান কালিহাতী থানার ওসি মো. সাইফুল ইসলাম ফারাজী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে দোকানে বসে ছিলেন পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ।

“এ সময় বিএনপি দলীয় নবনির্বাচিত মেয়র আলী আকবর জব্বারের ছেলে রফিক ও রাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে আনোয়ারের ডান হাতের কবজিতে, বুকে, পিঠে ও মাথায় আঘাত করে আহত করে।”

এর আধা ঘণ্টা আগে আনোয়ারের মালিকানাধীন কাঞ্চন অটো রাইস মিলে তার চাচাত ভাই ফরিদকেও ‘একই সন্ত্রাসীরা’ বেধড়ক মারধর করে বলে চেয়ারম্যানের অভিযোগ।

‘আহতরা’ সাস্থ্য কমপ্লেক্সের ৯ ও ১০ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. ফিরোজ হোসেন।

হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কালিহাতী পৌর আওয়ামী লীগের উদ্যোগে রাত সাড়ে ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বলে খবর দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ আহমেদ রাজু।

এ বিষয়ে ওসি মো. সাইফুল বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।