নরসিংদীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
নরসিংদীতে দুই যুবক হত্যার ঘটনায় পাঁচজনকে আটকের পর তাদের নিয়ে পুলিশের ‘অস্ত্র উদ্ধার অভিযানের’ মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলছেন, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় গোলাগুলির এ ঘটনায় আটক বাকি তিনজনও গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত দুজন হলেন- জহিরুল (২৫) ও রাকিব (২৪)। গুলিবিদ্ধ আলামিন (২৮), হোসেন (২২) ও মনিরুলকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে।
ওসি দেলোয়ার বলেন, নরসিংদী পৌর এলাকায় বুধবার সন্ধ্যায় ‘চাঁদাবাজদের’ গুলিতে দুই যুবক নিহতের ঘটনায় রাতে একটি মামলা হয় থানায়।
“ওই মামলায় পাঁচজনকে আটক করে ভোরের আগে তাদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে তাদের দলের লোকজনের সঙ্গে বন্দুকযুদ্ধ ওই পাঁচজন গুলিবিদ্ধ হন,” দাবি করেন ওসি।
আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জহিরুলের মৃত্যু হয়। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান রাকিবও মারা যান বলে জানান ওসি।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, “বন্দুকযুদ্ধে হতাহাতরাসহ ১০/১২ সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী মহল্লায় প্রবাসী রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবি করে। তার দুই বন্ধু খোকন ও আরিফ প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে হত্যা করে।”
ওই ঘটনায় খোকনের ভাই সেলিম খন্দকার বুধবার রাতেই অজ্ঞাতপরিচয় ১৪ জনকে আসামি করে মামলা করেন। এরপর গোয়েন্দা পুলিশ অভিযানে নেমে পাঁচজনকে আটকের কথা জানায়।
