নরসিংদীতে ‘চাঁদাবাজদের’ গুলিতে নিহত ২
নরসিংদী পৌর এলাকায় ‘চাঁদাবাজদের’ গুলিতে দুইজন নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকের এ ঘটনায় নিহতরা হলেন ভাগদী মহল্লার আব্দুল মতিন খন্দকারের ছেলে আরিফ খন্দকার (৩২) এবং একই মহল্লার মোরশেদ খন্দকারের ছেলে খোকন খন্দকার (৩৩)।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিক খন্দকারের কাছে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।
“বুধবার সন্ধ্যায় চক্রটি পুনরায় চাঁদা দাবি করলে প্রতিবাদ করেন রফিকের বন্ধু স্থানীয় ব্যবসায়ী আরিফ। এ সময় চাঁদাবাজরা আরিফকে গুলি করে। খবর পেয়ে রফিকের শ্যালক খোকন এগিয়ে গেলে চাঁদাবাজরা তাকেও গুলি করে।”
আশপাশের লোকজন এসে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
পুলিশ ‘চাঁদাবাজদের’ নাম প্রকাশ করেনি।
