২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৩৪ আ.লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বাগেরহাটের ৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 01:07 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ খবর দেন।

রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিনে ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

“এছাড়া বুধবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে আরও ১৫টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।”

ফলে ৩৪ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরাই চেয়ারম্যান হচ্ছেন, যা বৃহস্পতিবার সকালে বেসরকারিভাবে ঘোষণা করা হবে, রিটার্নিং কর্মকর্তা জানান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন চিতলমারী ও মোল্লাহাট উপজেলায় ১৩ জন, বাগেরহাট সদর উপজেলায় ৯ জন, কচুয়ারয় ৪ জন, রামপালে ২ জন, মোরেলগঞ্জের ৩ জন, ফকিরহাট উপজেলায় ২ জন ও মংলায় ১ জন।

এদিকে বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আইনজীবী শেখ ওয়াহিদুজ্জামান দিপু অভিযোগ করেছেন, “তফশিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ প্রার্থী ও তাদের লোকেরা বিএনপির প্রার্থীদের ভয়-ভীতি দেখায় এবং বাধা দেওয়ায় বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

“এছাড়া গত কয়েক দিনে অব্যাহত হুমকি ও চাপের মুখে আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।”

তবে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন।

“বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণে সব ইউনিয়নে প্রার্থী দিতে পারেনি। এখন তারা আওয়ামী লীগের উপর তাদের ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা করছে।”